পরিবেশ আইন অমান্য করায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জ পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ও শহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে পাঁচ লাখ টাকা এবং বর্ণালি টেক্সটাইল মিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে এ দণ্ড দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর ১৭ বিধি মতে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া তিন মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই কোম্পানির কমপক্ষে এমডি সিরাজুল ইসলামকে এ জরিমানা করা হয়।
অন্যদিকে, ইটিপি ব্যবহার না করে দূষিত পানি সরাসরি নদীতে ফেলায় বর্ণালি টেক্সটাইলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির পক্ষে এমডি গোলাম মহিউদ্দিনকে জরিমানা করা হয়।’
উভয় জরিমানার মোট সাত লাখ টাকা আদায় করা হয়েছে বলে জানান তিনি।




















