রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কিশোর সংবাদ
  6. খেলাধুলা
  7. গ্রাম-অঞ্চল
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাসী
  11. প্রাণী জগৎ
  12. বাজার হাট
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. ভূতের আড্ডা

জাতিসংঘের প্রতিবেদন: পুলিশ, বিচারব্যবস্থাসহ ৫ খাতে সংস্কারের সুপারিশ

প্রতিবেদক
Janatar Kagoj
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পাঁচটি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘ।
২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহতসহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেই বাংলাদেশ নিয়ে এসব সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘ যে পাঁচটি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে, সেগুলো হলো জবাবদিহি ও বিচারব্যবস্থা; পুলিশ ও নিরাপত্তা বাহিনী; নাগরিক পরিসর; রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে এসব খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পুরো পুলিশ প্রবিধান সংশোধনের সুপারিশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক বিধি ও মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে এতে সংশোধন আনতে হবে। সংশোধিত প্রবিধান অনুযায়ী গুরুতর আহত অথবা আসন্ন মৃত্যুঝুঁকি ছাড়া পুলিশ বলপ্রয়োগ এবং জনসমাগম ছত্রভঙ্গ করতে মারণাস্ত্র ও গোলাবারুদের ব্যবহার করতে পারবে না।
আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীকে ধাতব (প্রাণঘাতী) গুলি দেওয়া বন্ধের কথা বলেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও আধা সামরিক বাহিনীকে এ ধরনের গোলাবারুদ দেওয়া কমিয়ে দিতে হবে। আর আইনশৃঙ্খলা রক্ষায় জড়িত ব্যক্তিদের এমন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেখানে মারণাস্ত্রের ব্যবহার না করে শৃঙ্খলা ফেরানোর কৌশল শেখানো হবে।

নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের পূর্ণ বাস্তবায়ন, পুলিশ অধ্যাদেশ সংশোধন করে নতুন আইন প্রণয়ন, মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগের মতো বিষয়গুলো নিয়েও বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘ। র‍্যাব বিলুপ্ত করে এই বাহিনীর যেসব সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত নন, তাঁদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠাতে হবে। বিজিবিকে সীমান্তসংক্রান্ত বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত না করা এবং ডিজিএফআইয়ের কাজ সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে জাতিসংঘ। পাশাপাশি ডিজিএফআইয়ের আইনি ক্ষমতা কমানোর কথাও বলা হয়েছে।
স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করে তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিক প্রতিনিধিসহ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত এ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত থাকবে।

নাগরিক পরিসর
মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে বিতর্কিত ফৌজদারি আইনগুলো রদ অথবা সংশোধন করে এসব আইনে গ্রেপ্তার, তদন্ত ও বিচার স্থগিতের সুপারিশ করেছে জাতিসংঘ। ঐতিহাসিকভাবে এসব আইন ব্যবহার করে গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালাতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা আইন, রাষ্ট্রীয় গোপনীয়তা–সংক্রান্ত আইন, সন্ত্রাসবাদ দমন আইন ও মানহানি আইন। এসব আইনের পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার, তল্লাশি ও নজরদারি–সংক্রান্ত ক্ষমতা কমানোরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, শ্রমিকনেতা, নাগরিক অধিকারকর্মীসহ অন্য মানবাধিকারকর্মীদের ওপর বেআইনি নজরদারি বন্ধে নিরাপত্তা বাহিনীগুলোকে অবিলম্বে নির্দেশ দেওয়ার কথা বলেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা নাগরিকদের ওপর নজরদারির ঘটনায় একটি স্বাধীন তদন্ত শুরু এবং তদন্তে পাওয়া তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। এ ছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইনের অস্পষ্ট বিধিবিধান সংশোধনের কথাও বলেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, বাছবিচারহীনভাবে নজরদারির জন্য এসব বিধি যুক্ত করা হয়েছে।

রাজনৈতিক ব্যবস্থা
জাতিসংঘ বলছে, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যেসব প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষণ করে, তাদের সক্ষমতাও বাড়াতে হবে। এতে করে শাসনকাজে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ক্ষেত্রে ভারসাম্য থাকবে।
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, এতে করে বাংলাদেশে বহুদলীয় গন্ত্রতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে। পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন।
রাজনীতিতে ও জনপরিসরে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ক্ষেত্রে প্রয়োজন ও দরকার, সে ক্ষেত্রে স্বল্পমেয়াদি বিশেষ ব্যবস্থা নিতে হবে।

অর্থনৈতিক সুশাসন
ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎসহ বড়মাপের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার জন্য বিদ্যমান আইনে জরুরি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমনসংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। আর যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে উচ্চ স্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিচার করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সদস্যদের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।

সর্বশেষ - আইন আদালত